টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত ১০০ উইকেট শিকারের কীর্তি গড়লেন আফগানিস্তানের রশিদ খান।
সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার রাতে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন রশিদ। এতে ৫৩ ম্যাচে শততম উইকেট শিকারের ক্লাবে নাম লেখান রশিদ।
রশিদের আগে টি-টোয়েন্টিতে শততম উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও নিউজিল্যান্ডের টিম সাউদি।
সাকিব-মালিঙ্গা ও সাউদির চেয়ে কম ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের রেকর্ড স্পর্শ করলেন রশিদ।
এর আগের রেকর্ডটি ছিল মালিঙ্গার। ৭৬ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছিলেন তিনি। মালিঙ্গাকে সরিয়ে এখন রেকর্ডের মালিক রশিদ।
৮২ ম্যাচে ১০০ উইকেট নেন সাউদি। আর ৮৩ ম্যাচে ১০০ উইকেট শিকার করেন সাকিব। রশিদের মতো চলমান বিশ্বকাপেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করেন সাকিব ও সাউদি।
বর্তমানে টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন সাকিব। ১০৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মালিঙ্গা, ১০১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রশিদ এবং ১০০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাউদি।
শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়। ওয়ানডেতেও দ্রুততম ১০০ উইকেট শিকার করেছিলেন রশিদ। মাত্র ৪৪ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
সূত্র : বাসস








