এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জার শেষ নেই। বিরাট কোহলি, রোহিত শর্মারা এতটাই মন্থর গতিতে ব্যাটিং করছেন, এবং তারপর এতটাই বিশ্রীভাবে হারছেন, ভারতের নেট রানরেট একেবারে তলানিতে এসে ঠেকেছে।

রোববারের ম্যাচের পর যা অবস্থা, তাতে সুপার টুয়েলভের ১২টি দলের মধ্যে নেট রানরেটে ভারত রয়েছে ১১ নম্বরে। ভারতের নিচে আছে শুধু স্কটল্যান্ড।

ভারতের নেট রানরেট -১.৬০৯। কোহলিরা দু’টি ম্যাচে ৪০ ওভারে ২৬১ রান করেছেন। কোহলিদের বিপক্ষে ৩২.২ ওভারে ২৬৩ রান হয়েছে। ভারতের উপরে রয়েছে নামিবিয়া। তাদের নেট রানরেট -১.২৮৭। বাংলাদেশও ভারতের উপরে রয়েছে। টাইগারদের নেট রানরেট -১.০৬৯।

১২টি দলের মধ্যে নেট রানরেট সবথেকে ভালো ইংল্যান্ডের, +৩.৯৪৮। তারপর রয়েছে আফগানিস্তান, +৩.০৯৭।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের ব্যাটাররা মাত্র ১০ বার মাঠের বাইরে বল পাঠাতে পেরেছেন। রবীন্দ্র জাদেজা ২টি চার ও ১টি ছয়, রোহিত শর্মা ১টি করে চার ও ছয়, লোকেশ রাহুল ৩টি চার এবং ঈশান কিশন ও হার্দিক পান্ডে ১টি করে চার মেরেছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা