আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের সাকিব আল হাসানের পাশে বসলেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। দু’জনই ২৭১ রেটিং নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজের সেরাটা খেলতে পারেননি সাকিব। আর ইনজুরির কারণে এখন তো টুর্নামেন্টের বাইরে ছিটকে গেছেন তিনি। এতে র্যাংকিংয়ে প্রভাব পড়েছে সাকিবের। ২৪ রেটিং পয়েন্ট হারিয়েছেন সাকিব। রেটিং পয়েন্ট হারানোয় টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এককভাবে শীর্ষস্থান হারালেন তিনি।
নবিকে পেছনে ফেলে গেল সপ্তাহে শীর্ষে উঠেছিলেন সাকিব। নবির চেয়ে ২০ রেটিং পয়েন্ট এগিয়ে গিয়েছিলেন তিনি। তখন সাকিবের রেটিং ছিল ২৯৫, নবির ২৭৫।
তবে সুপার টুয়েলভের তিন ম্যাচে ব্যাট হাতে ৭৮ রান ও বল হাতে ১ উইকেট নেয়ায় রেটিং বাড়ে নবির। এতে শীর্ষে সাকিবের পাশে অবস্থান করেন নবি।
সূত্র : বাসস









