প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। এমন সম্ভাবনা টানা তিন দিন ব্যাটে-বলে দাপট দেখিয়ে তৈরি করেছে মুমিনুলরা। কিন্তু ম্যাচের এমন পরিস্থিতিতেও জয়ের ভাবনা নেই বাংলাদেশের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের কিপার ব্যাটসম্যান লিটন দাস তেমনটাই বললেন। তার মতে, মাথা ঠাণ্ডা রেখেই শেষ দিনটা পার করতে চায় দল।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অল আউট ৩২৮ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৫৮ রান। ম্যাচের চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। সব মিলিয়ে মাত্র ১৭ রানের লিড স্বাগতিকদের।

বুধবার বাকি ৬ উইকেটে এই লিড কতটা বাড়িয়ে নিতে পারে স্বাগতিকরা, তাই দেখার বিষয়। ১০০ রানের মধ্যে লিডটা রাখতে পারলে সোনায় সোহাগা। যদিও শেষ দিনে ব্যাটিং করা খুবই কঠিন বলে মনে করছেন লিটন দাস।

লিটন দাসের মতে, ‘আমরা অনেক কুল অ্যান্ড কাম আছি। আমাদের জিততেই হবে এমন কথা নেই। আমরা একটা প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি। এতক্ষণ সেই প্রসেসটা ধরে রেখে সফল হয়েছি, সামনেও হব বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘দেখুন এটা খুবই সহজ বিষয়। কাল নতুন দিন। কাল উইকেটটা অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যত দিন যাচ্ছে, উইকেটের কিছু না কিছু কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে যত কমে তাদের অল আউট করে দেয়া যায়, এবং সেই রানটা চেজ করা যায়। কারণ যত কম দিব ওই রানটা আমাদের চেজ করতে হবে। খুব একটা সহজ হবে আমাদের ইনিংসটা সেটিও কিন্তু না। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং হবে।’