রহমানউল্লাহ গুরবাজের অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ বাকি রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো আফগানিস্তান। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানরা ৪৮ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।

প্রথম ওয়ানডে ৩৬ রানে জিতেছিল আফগানিস্তান। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।

দোহাতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরুতেই ওপেনার উসমান ঘানি খালি হাতে ফিরলেও এক প্রান্ত আগলে আরেক ওপেনার গুরবাজ ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।
৪২তম ওভারে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হন গুরবাজ। ১২৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করেন তিনি।

এছাড়া মিডল-অর্ডারে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদি ৫৪ রান করেন। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৭ রান করে আফগানিস্তান।

২৩৮ রানের টার্গেটে ৯ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়েছিল নেদারল্যান্ডস। তবে প্রাথমিক ধাক্কা সামাল দিয়েছিলেন ওপেনার স্কট এডওয়ার্ডস। ৩৯তম ওভারে এডওয়ার্ডসের আউটের পর ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। ৪২ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। ৪৭ দশমিক ৪ ওভারে ১৮৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। এডওয়াডর্স ১২০ বলে ৯টি চারে ৮৬ রান করেন।

আফগানিস্তানের মুজিব উর রহমান ৩২ রানে ৪ উইকেট নেন। ফরিদ আহমেদ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন গুরবাজ।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

সূত্র : বাসস