বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরে মঙ্গলবার দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নতুন দু’টি রেকর্ড গড়েছেন মিনিস্টার গ্রুপ ঢাকার মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচে ঢাকার অধিনায়ক মাহমদউল্লাহর ৪১ বলে অপরাজিত ৭০ রানের সুবাদে ঢাকা ৫০ রানে হারিয়েছে কুমিল্লাকে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার সর্বোচ্চ ব্যক্তিগত রান।

আর এই ৭০ রানের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই রেকর্ডের মালিক হন মাহমুদউল্লাহ।

বিপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ। ৮৮ ম্যাচে এই নজির গড়েন তিনি। সেই সাথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫ হাজার রানও স্পর্শ করেন তিনি। এজন্য ২৭৩ ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি জাতীয় দলের অধিনায়ক।

বিপিএলে মাহমুদুল্লাহর আগে দু’হাজার রানের তালিকায় নাম লিখেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। আর বিশ্বের ৭২তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করলেন মাহমুদউল্লাহ।

বিপিএলে ৮৩ ইনিংসে ১০টি হাফ-সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। ব্যাটিং গড়- ২৭ দশমিক ৯৭। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ ইনিংসে ১৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ব্যাটিং গড়- ২৫ দশমিক ৪৭।

সূত্র : বাসস