বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান করেছে বরিশাল। টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিস গেইলের সাথে ওপেন করতে নেমে অল্পের জন্য ফিফটির দেখা পাননি তরুণ ব্যাটার মুনিম শাহরিয়ার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বরিশালের। ক্রিস গেইল শান্ত থাকলেও বিধ্বংসী ছিলেন মুনিম শাহরিয়ার। রান উঠতে থাকে তরতরিয়ে। চতুর্থ ওভারে বিদায় নেন গেইল। ব্যাট হাতে তার রুদ্ররূপ দেখার অপেক্ষা বাড়লো ভক্তদের। ৮ বলে ২ চারে মাত্র ১০ রান করে তিনি তানভিরের বলে ক্যাচ দেন সুমন খানের হাতে।

টিকতে পারেননি ধারাবাহিক রানের দেখা পাওয়া নাজমুল হোসেন শান্ত। ৪ বলে ১ রান করা শান্তও তানভিরের শিকার। অধিনায়ক সাকিবের সাথে রসায়নটা ভালোই জমে যাচ্ছিল মুনিমের। কিন্তু বড় হয়টি জুটিটা। অনেকটা আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন মুনিম। তাকে ফেরান কুমিল্লার হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার মঈন খান। তার বলে মুনিম ক্যাচ দেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসের হাতে। তবে যাওয়ার আগে খেলে যান দারুণ এক ইনিংস। ২৫ বলে চারটি চার ও তিন ছক্কায় ৪৫ রান করেন মুনিম।

এরপর তৌহিদ হৃদয়কে সাথে করে রানের চাকা সচল রাখেন সাকিব আল হাসান। সাবলিল ব্যাটিংয়ে পেয়ে যান বিপিএলে টানা ফিফটির দেখাও। বরাবর ৫০ রানেই তিনি আউট হন করিম জান্নাতের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে। ৩৭ বলের ইনিংসটি সাকিব সাজান ৪টি চার ও ২ ছক্কায়।

এক ছক্কায় ঝড় তোলার আভাস দিয়ে সাজঘরে ফেরেন ডুয়াইন ব্রাভো। ৬ বলে ১০ রান করা ক্যারিবীয় অলরাউন্ডারকে ইমরুল কায়েসের হাতে বন্দী করেন কুমিল্লার পেসার মোস্তাফিজুর রহমান। ৩৭ বলে ২ চারে ৩১ রানে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। তিন বলে তিন রানে নট আউট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বল হাতে কুমিল্লার হয়ে তানভির নেন দুটি উইকেট। ৩ ওভারে ২১ রানে ১ উইকেট নেন মঈন আলী। মোস্তাফিজ ও করিম জান্নাত পান একটি করে উইকেটের দেখা। ৪ ওভারে ২৫ রান দিলেও উইকেটের দেখা পাননি ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন।