জমে উঠেছে গুরু-শিষ্যের লড়াই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল শুক্রবার মুখোমুখি হবে বিপিএলের ফাইনালে। ফাইনালে বরিশাল অধিনায়ক সাকিবের মাথার সাথেও খেলতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এমনিতেই যেকোন সমস্যায় পড়লে গুরু সালাহউদ্দিনের পরামর্শ নেন সাকিব আল হাসান। এবার ওই গুরু এবার প্রতিপক্ষ। যদিও গোটা বিপিএলে সালাহউদ্দিনের সাথে নাকি কোনো কথা হয়নি সাকিবের। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সাকিবের সাথে কথা বলবেন সালাহউদ্দিন।

বৃহস্পতিবার ফাইনালের আগে সাকিবের মাথার (মেধা) সাথে খেলা করার প্রত্যয় ব্যক্ত করেন কুমিল্লা কোচ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমার মনে হয় বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। সাকিব খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার যতটুকু সোর্স আছে সেটা ও খুব ভালো কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে। এটা কিন্তু একটা দলের চিত্র বুঝা যায় তারা পরিকল্পনা করে এগুচ্ছে। ওই কারণেই বললাম, সাকিবের মাথার সাথে আমাদের খেলতে হবে। ও অনেক সময় যে ট্রিকসগুলো করে তা ব্যাটসম্যানরা বুঝতে পারে না। এটা ওভারকাম করলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।’

নিজ দলের অধিনায়ক ইমরুলকে নিয়ে তিনি বলেন, ‘ইমরুলও ভালো অধিনায়কত্ব করছে। ও যদি মাথা ঠান্ডা রাখে তাহলে আমাদের সুযোগ থাকবে। একে তো স্নায়ুচাপ, তার মধ্যে কার মাথা কতটা কাজ করছে, উইকেট কতটা কে কাজে লাগাচ্ছে এটার ওপর নির্ভর করবে ফলটা। এ টুর্নামেন্টে সাকিবের সাথে কোনো কথা বলিনি। খেলাটা শেষ হোক।’

বরিশালের হয়ে পেছন থেকে কাজ করছেন খালেদ মাহমুদ সুজনও। তার মাথার নিয়েও খেলতে হবে বলে জানালেন সালাহউদ্দিন, ‘সুজন ভাই মনে হয় বিপিএলে বেশিরভাগই ফাইনালে খেলেছে। নিশ্চয়ই তার ভেতর কিছু আছে। তাদের দলটা কিন্তু শুরুতে এত ভাল করেনি। তারা খুব ভালোভাবে ফিরেছে। সুজন ভাইয়ের ট্র্যাক রেকর্ডও ভাল। সুজন ভাইয়ের মাথার সাথেও খেলতে হবে।’