আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই, ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে না পারার দুঃখ নিয়ে ইতি টেনেছেন টেস্ট ক্রিকেটের। আর ২০২৩ বিশ্বকাপের পর খেলা হয়নি ওয়ানডেও।

সুবাদে ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি শেষ বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান অধ্যায়? লাল-সবুজের জার্সিতে কি আর কখনোই দেখা মিলবে না তার? যদিও বিসিবি বলছে সুযোগ আছে এখনো ঢের।

রাজনৈতিক জটিলতার কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামা হচ্ছে না সাকিবের। এমনকি দেশেও আসতে পারছেন না তিনি। এদিকে নিষিদ্ধ হয় তার বোলিং অ্যাকশনও। যদিও তা কাটিয়ে আবারো ফিরেছেন ক্রিকেটে।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে আবারো প্রত্যাবর্তন ঘটেছে তার। যদিও তিনটি ম্যাচ খেলেও নামের সুবিচার করতে পারেননি এক সময়ের নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। তার বিষয়ে এখন কী ভাবছে তবে বিসিবি?

সোমবার (২৬ মে) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এমনই এক প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান মিঠু। তবে তিনি দিয়েছেন কৌশলী উত্তর। জানান, পারফরম্যান্সই বলবে শেষ কথা।

বলেন, 'একটা বিষয় তো পরিষ্কার, সে একজন বিশ্বমানের খেলোয়াড়, যেকোনো দলের জন্য বড় সম্পদ। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বিবেচনায় সে সবসময় থাকে। অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেলল। আরো কয়েকটা ম্যাচ খেলুক, তারপর উত্তর দিতে পারব।'

যদিও সাকিবের ফেরাটা এখন অনেকটাই কেবল মুখে আটকে। কেন না তার ফেরা এখন অনেকটাই অসম্ভব। দেশে ফিরতে না পারায় খেলা হচ্ছে না ঘরোয়া লিগেও।