নামে-ভারে আলোচনা ছড়ালেও দুই দলের প্রথম দেখা ছিল একপেশে, নিরামিষ। না ছিল কোনো উত্তেজনা, না ছিল রোমাঞ্চ। হেসেখেলেই পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। তবে সহসাই প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ পেয়ে গেল সালমান-শাহিনরা।
ভারত সুপার ফোর আগেভাগেই নিশ্চিত করলেও পাকিস্তান জন্ম দেয় নাটকীয়তার। তবে সব নাটক আর অনিশ্চয়তা দূর করে শেষ চারে উঠেছে তারা। ফলে আগামী সপ্তাহে আবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।
ভারতের সাথে আগের ম্যাচের রেশ কেটে উঠতে উঠতেই আবারো দেখা হচ্ছে তাদের। সেবার খেলার শুরু ও শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হাত না মিলিয়ে বিতর্ক তৈরি করে ভারত। যার জন্য পাকিস্তান দায়ী করে ম্যাচ রেফারিকে।
এমনকি রেফারির পাইক্রফটকে অপসারণ চেয়ে ম্যাচ বয়কটের হুমকিও দেয় তারা। এমনকি গত রাতে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে যথা সময়ে উপস্থিতও হয়নি ম্যান ইন গ্রিনরা। দেখা দেয় নানা আশঙ্কা।
যা নিয়ে গত রাত পর্যন্ত টালমাটাল ছিল ক্রিকেটপাড়া। তবে এরপর পাইক্রফট ক্ষমা চাইলে ১ ঘণ্টা পর খেলতে নামে পাকিস্তান। এরপর সেই ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত করে সুপার ফোর।
এর মাধ্যমে নিশ্চিত হয় চলতি আসরে আরো একবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। আগামী রোববার আবার ভারতের মুখোমুখি হবে সালমানরা। আগের ম্যাচের ভেন্যু দুবাইয়েই হবে খেলা।








