নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
ভারতের সাথে খেলে এশিয়া কাপের প্রস্তুতি সারার কথা ছিল বাংলাদেশের। তবে ভারত না আসায় নেদারল্যান্ডসের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা।
অবশ্য সিরিজের আগে প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছে গোটা দল। মাঝে হয়েছে তিন সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। নেয়া হয়েছে পাওয়ার হিটিং দীক্ষা। খেলা হয়েছে নিজেদের মাঝে ফ্রেন্ডলি ম্যাচও।
যার সবকিছুই এশিয়া কাপকে সামনে রেখে, মহাদেশীয় এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে। তবে সবচেয়ে বড় প্রস্তুতি শুরু হচ্ছে আজ থেকে। ডাচদের সাথে সিরিজি খেলে আত্মবিশ্বাসের রসদ পেতে চায় দল।
সেই লক্ষ্যে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দুই দল। শঙ্কা সত্যি করে বাংলাদেশ একাদশে নেই শামিম পাটোয়ারী। অসুস্থ এই ব্যাটারের বদলে সেরা এগারোতে এসেছেন সাইফ হাসান।
২০২১ সালেফ পর প্রথম জাতীয় দলে খেলতে নামছেন সাইফ। সেই বছর নভেম্বরে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। তবে দুই ম্যাচ খেলে করেন ৮ বলে ১ ও ১ বলে ০ রান।
এরপর দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হলো সাইফ হাসানের। মাঝে ঘরোয়াতে দারুণ খেলে এসেছেন। এবার জাতীয় দলে নিজেকে প্রমাণের পালা।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।








