বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৭তম ম্যাচ জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।

দলের হয়ে উদ্বোধনী জুটিতে ১২৬ রান যোগ করেন রংপুরের দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। মালান ৭৮ ও হৃদয় ৬২ রানে আউট হন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রংপুর। ৮৫ বল খেলে দলকে ১২৬ রানের সূচনা এনে দেন মালান ও হৃদয়। এরমধ্যে পাওয়ার প্লেতে ৫০ ও ১২তম ওভারে ১০০ রান স্পর্শ করে মালান-হৃদয় জুটি।

১৫তম ওভারের প্রথম বলে ঢাকার পেসার তাসকিন আহমেদের বলে আউট হন মালান। টি-টোয়েন্টিতে ৭৫তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে ৭৮ রান করেন তিনি।

১৮তম ওভারের শুরুতে দলীয় ১৫৯ রানে আউট হন টি-টোয়েন্টিতে ২১তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেওয়া হৃদয়। ৪৬ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রানের ইনিংস সাজান হৃদয়।

এরপর কাইল মায়ার্সের ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় রংপুর।

ঢাকার হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ৩৩ রান ২ উইকেট এবং তাসকিন ও মারুফ মৃধা ১টি করে উইকেট নেন।

সূত্র : বাসস