আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। তার আগে ম্যাচটি নিষিদ্ধের দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেন দেশটির চারজন আইনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পেহেলগাম কাণ্ডের কথা উল্লেখ করে করা ওই আবেদনটি একটি শুনানিতে খারিজ করে দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট।

বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে বলা হয়, ‘এতে এত তাড়াহুড়া কেন? এটি নিছকই একটি ম্যাচ। খেলা খেলার মতোই চলুক। আমরা কী করতে পারি? খেলা হতে দিন।’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হস্তক্ষেপে সুপ্রিম কোর্ট যে নারাজ, সেটাই বুঝিয়ে দেয়া হয়েছে, আবেদন খারিজের মাধ্যমে। পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ নিয়ে কোনো আবেগতাড়িত হওয়া বা তাড়াহুড়া করা যায় না, সে কথাও জানিয়েছে আদালত।

উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে চারজন আইনের শিক্ষার্থী আবেদন করেছিলেন। উর্বশী জৈন নামে এক ছাত্রী এই আবেদনের নেতৃত্ব দেন।

আবেদনকারীদের বক্তব্য ছিল, পেহেলগামে হামলার পটভূমিতে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত নয়। ২৬ জনের মৃত্যু হয়েছে এই হামলায়। সে কারণে ম্যাচটির আয়োজন জাতির মর্যাদা এবং জনসাধারণের অনুভূতির বিরুদ্ধে যায়।