অল্প রানের পুঁজি। লড়াই করতে হলে তাই প্রথম ওভার থেকেই চেপে ধরতে হতো শ্রীলঙ্কাকে। ১.৫ ওভারে উদ্বোধনী জুটি ভেঙে তেমনই কিছুর আভাস দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে সে পর্যন্তই।
মোস্তাফিজের বলে দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন কুশল মেন্ডিস (৩)। এরপরও কিছুক্ষণ লঙ্কানদের চেপে ধরে রাখে বাংলাদেশ। এর মাঝে পঞ্চম ওভারে একটা সুযোগও পায় টাইগাররা।
শরিফুল ইসলামের বলে বল তুলে দিয়েছিলেন কামিল মিশ্রা। তবে শেখ মেহেদী সহজ ক্যাচটা নিতে পারেননি। ফলশ্রুতিতে জীবন পেয়ে সেই ওভারেই নেন ১৮ রান। এরপর থেকে চলছেই তার ব্যাট।
অন্যপ্রান্ত থেকে পাথুম নিশানকাও পাল্টা আঘাত করেন। সব মিলিয়ে পাওয়ার প্লেতেই আসে ৫৫ রান। এরপরও কমেনি আগ্রাসন। ৮ ওভার শেষে স্কোর ৮৪/১।
কামিল ১৮ বলে ৩১ ও কুশল ব্যাট করছেন ২৪ বলে ৩৫ রানে। জয়ের জন্য তাদের চাই আর মাত্র ৭২ বলে ৫৪ রান। অর্থাৎ সহজ জয়ের পথেই শ্রীলঙ্কা।
এর আগে আবুধাবিতে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। তবে শুরু থেকে চাপে পড়া টাইগাররা শেষ পর্যন্ত কোনো রকমে করে ৫ উইকেটে ১৩৯ রান।









