গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স দ্বিতীয় আসরেও আছে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। শিরোপা ধরে রাখার লক্ষ্যে টানা তিন জয়ে নিশ্চিত করেছে ফাইনাল।

প্রথম দুই ম্যাচে জয়ের পর বুধবার সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকেও ৮ রানে হারায় তারা। তাতে প্রথম দল হিসেবে শিরোপা নির্ধাারণী ম্যাচের টিকিট নিশ্চিত করে ফ্র্যাঞ্জাইজিটি।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার রাতে টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান করে রংপুর। জবাবে দুবাইয়ের ইনিংস থামে ১৯.২ ওভারে ১৫০ রানেই।

রংপুর যেখানে ফাইনালে পা রেখে তৃপ্তির ঢেঁকুর তুলছে, সেখানে বিদায় ঘণ্টা বেজে গেছে দুবাই ক্যাপিটালসের। প্রথম ম্যাচ জিতলেও টানা তিন হারে আসর শেষ তাদের।

এই ম্যাচ আলোচনায় ছিল রংপুর বনাম সাকিব আল হাসানকে ঘিরে। তবে আলোচিত এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। বল হাতে ১৬ রান দিয়ে নেন ১টি উইকেট।

প্রথম ম্যাচে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলা সাকিব পরের দুই ম্যাচে করেন ১০ বলে ৭ ও ৫ বলে ৪ রান। গতরাতেও সুবিধা করতে পারেননি, ৭ বলে ৩ রান করে সাইফ হাসানের শিকার তিনি।

রংপুরের হয়ে ৩২ বল মোকাবিলায় দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইফতিখার আহমেদ। এছাড়া সৌম্য সরকার করেন ২৮ বলে ৩৬ রান।

তবে ১৮ বলে ৩৪ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন অধিনায়ক নুরুল হাসান সোহান। কাইল মায়ার্স করেন ১৯ রান। বাকিরা কেউ সুবিধা করতে পারেননি।

জবাবে দুবাই ক্যাপিটালসের আফগান ওপেনার সাদিকুল্লাহ আতাল ৩১ বলে ৩৮ রান করেন। বাকিদের মধ্যে সঞ্জয় কৃষ্ণমূর্তি ২৭, ডমিনিক ড্রেকস ২২, কাইস আহমেদ ১৮ ও জেসে বুটানের ব্যাটে আসে ১৫ রান।

রংপুরের হয়ে সাইফ হাসান ৩ ও খালেদ আহমেদ ২টি উইকেট পান। ইফতেখার আহমেদও পান একটি উইকেট। ম্যাচ সেরাও হোন তিনি।

উল্লেখ্য, ১৮ জুলাই হবে আসরের ফাইনাল। রংপুরের বিপক্ষে ফাইনালের টিকিট কাটতে লড়াই করছে গায়ানা অ্যামাজন, হোবার্ট হারিকেন্স ও সেন্ট্রাল ডিস্ট্রিক্ট।