এশিয়া কাপ শুরু হয়েছে দু’দিন আগেই, তবে তার উতুঙ্গ উত্তেজনা এখনো স্পর্শ করেনি বাংলাদেশকে। আরব আমিরাতের ক্রিকেট উৎসব এখনো পুরোপুরি গায়ে লাগেনি টাইগারদের।

তবে আর দেরি নেই, কেবল কয়েক ঘণ্টার অপেক্ষা; এরপরই বাংলাদেশও জড়িয়ে যাবে মহাদেশীয় মহারণের আমেজে। যেখানে প্রথম ম্যাচে টাইগাররা মুখোমুখি হবে হংকংয়ের।

বৃহস্পতিবার আবুধাবিতে রাত সাড়ে ৮টায় গড়াবে খেলা। আন্তর্জাতিক ক্রিকেটে হংকং খুব একটা অপরিচিত মুখ না হলেও বাংলাদেশ ক্রিকেটের সাথে তেমন ‘খাতির’ নেই।

বাংলাদেশের সাথে স্মৃতি বলতে মাত্র একটি টি-টোয়েন্টি। অবশ্য সেই স্মৃতিও সুখকর নয়। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেয় টাইগাররা, হেরে যায় বাংলাদেশ। যে লজ্জা আজও ঘুচেনি, এখনো পীড়া দেয়।

এদিকে আবার ১১ বছর পর হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই খেলবে দলটার বিপক্ষে। অবশ্য হংকং ইতোমধ্যেই মাঠে নেমেছে, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তানের।

তবে শুরুটা ভালো হয়নি, ৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে হংকং। এমতাবস্থায় বাংলাদেশের সাথে ম্যাচটা তাদের জন্য বাঁচা-মরার। হারলেই শেষ হবে সুপার ফোরের স্বপ্ন।

অবশ্য এর আগেও তিন-তিনটা এশিয়া কাপ খেলেছে হংকং, গতকালের ম্যাচসহ খেলেছে মোট ৯ ম্যাচ। তবে এখনো জয়ের দেখা পায়নি দলটি। এশিয়া কাপে জয়খরা চলছে তাদের।

অবশ্য সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে এসেছেন লিটন দাসরা। পরবর্তীতে পাকিস্তান ও নেদারল্যান্ডসের সাথেও সিরিজ জিতেছে তারা।

হ্যাটট্রিক সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। অবশ্য বরাবরই বড় প্রত্যাশা নিয়েই টুর্নামেন্টগুলো খেলতে যায় বাংলাদেশ। যাওয়ার আগে অধিনায়কদের মুখে শোনা যায় আশার বাণী।

এবারও তার ব্যতিক্রম হয়নি। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে লিটনও জানিয়ে গেছেন, তারা প্রস্তুত আছেন। অবশ্য হংকং ম্যাচেই দেখা যাবে কতটা প্রস্তুত হয়ে এসেছেন।