জাতীয় দলের ব্যস্ততা নেই, তবুও ব্যস্ততার শেষ নেই সাকিব আল হাসানের। বুধবার (১৬ জুলাই) রাতে খেলেছেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে, তবে ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ভিন্ন দলের হয়ে ফের মাঠে নামছেন সাকিব।
ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটিতে খেলতে যাচ্ছেন তিনি। লিগের দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এই দলের অধিনায়কত্বও পেয়েছেন তিনি।
সাকিবকে ‘অধিনায়ক’ ঘোষণা করে মায়ামি ব্লেজ লেখে, ‘সাকিব আল হাসান এমন এক নাম যা বিশ্বাসের স্ফুলিঙ্গ এবং নেতৃত্বের সাথে জ্বলজ্বল করে! পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অধিনায়ককে। আগুনে পারফরম্যান্সে তিনি মায়ামি ব্লেজের পথ প্রশস্ত করতে প্রস্তুত।’
গায়ানার রাজধানী জর্জটাউনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট। আসরটির ফাইনাল আগামী ২৩ জুলাই।
উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার রাত ৯টায় বোকা র্যাটন ট্রেলব্লেজার্সের বিপক্ষে মাঠে নামবে মায়ামি ব্লেজ। র্যাটনের জার্সি গায়ে দেখা যানে অজি কিংবদন্তি ডেভিড ওয়ার্নারকে।
গ্লোবাল লিগে চার ম্যাচে সাকিব করেছেন ৭২ রান। গড় ২৪, স্ট্রাইক রেট ১২২। বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট, ইকোনমি পাঁচ দশমিক ২৫।









