এশিয়া কাপের প্রথম পর্ব খুব একটা ভালো যায়নি বাংলাদেশের। সুযোগ থাকলেও হেসে-খেলে জয় আসেনি, বাড়িয়ে নিতে পারেনি রান রেট। যে ভুলের মাশুল দিতে হয়েছে সমীকরণের মারপ্যাঁচে আটকে।
যদিও শেষ পর্যন্ত প্রথম পর্ব কোনোরকমে পেরিয়ে গেছে বাংলাদেশ। যেখানে লিটনদের প্রচেষ্টা থেকেও বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কার! নিজেদের কাজটা করার পথে বাঁচিয়ে দিয়েছে টাইগারদের স্বপ্ন।
ফলে দু’দিন আগে আধিখ্যেতার কমতি ছিল না শ্রীলঙ্কা দলকে নিয়ে। দ্বৈরথ ভুলে যেন আবদ্ধ হয়েছিল বন্ধুত্বের বন্ধনে। তবে এমনি এমনিই ছিল না, ছিল নিজেদের স্বার্থ। লঙ্কানদের হাতেই যে ছিল বাংলাদেশের ভাগ্য।
সমীকরণ এমন দাঁড়ায় যে বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হতো শ্রীলঙ্কার। ফলে দ্বৈরথ দূরে ঠেলে সেই ম্যাচে বাংলাদেশের পূর্ণ সমর্থনই পান নিশানকারা।
সমর্থন নিয়ে সেই ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। এই জয়ে ‘বি’ গ্রুপের চাম্পিয়ন হয়েই সুপার ফোরে শ্রীলঙ্কা, আর গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠে বাংলাদেশ।
তবে শেষ চারে উঠেই শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব ভাঙতে হচ্ছে। শেষ চারের লড়াইয়ে টাইগারদের প্রথম প্রতিপক্ষই যে আসালাঙ্কারা। আজ শনিবার দুবাইয়ে প্রথম ম্যাচ লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই ক্রিকেটেরই সেরা দ্বৈরথের একটি। গেল কয়েক বছর ধরেই চলছে এই দু’দলের মহারণ। ভারত-পাকিস্তান ম্যাচের মতোই ছড়ায় আকর্ষণ। জয়-পরাজয় ছাপিয়ে যেখানে বড় হয়ে দাঁড়ায় সম্মান।
নিদাহাস ট্রফি দিয়ে দু’দলের বৈরীতার শুরু, এরপর নানান ঘটনায় বারবার আগুনে ঘি পড়েছে। ভারত বিশ্বকাপের ‘টাইম আউট’ বিতর্ক যেন দিয়েছে ভিন্ন মাত্রা। দু’দলের দ্বৈরথ এখন ক্রিকেটেরই বিজ্ঞাপন।
কিছুদিন আগেই আগেই শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যেখানে ২-১ ব্যবধানে জেতে টাইগাররা। তবে এশিয়া কাপে ঘটেছে উল্টা ঘটনা।
প্রথম পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় এই দু’দল। যেখানে লঙ্কানদের সাথে পেরে উঠেনি বাংলাদেশ। আবুধাবিতে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। ১৪০ রানের লক্ষ্য ১৪.৪ ওভারেই পেরিয়ে যায় তারা।
আজ এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই প্রতিদ্বন্দ্বী। এবার লড়াইটা সুপার ফোরে। যেখানে বাংলাদেশের সামনে সুযোগ চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে।
১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপের ১৭তম আসর চলছে এবার। এশিয়া কাপে বাংলাদেশের সেরা সাফল্যই হলো তিন-তিনবার ফাইনালে খেলা।
এবার সুপার ফোরে তাদের খেলতে হবে তিন চ্যাম্পিয়নদের সাথে, গত ১৬ আসরে চ্যাম্পিয়ন হয়েছে যারা। আগের ১৬ আসরের আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ছয়বার শ্রীলঙ্কা ও দু’বার শিরোপা জিতেছে পাকিস্তান।
আজ শনিবার সুপার ফোরের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপ থেকে আসা এই দু’টি দল মুখোমুখি হবে দুবাইয়ে। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।
পরিসংখ্যান অবশ্য কথা বলছে শ্রীলঙ্কার পক্ষেই। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ২১ বারের দেখায় জয়ের পাল্লা ভারী তাদের। তারা জিতেছে ১৩ ম্যাচে, বাংলাদেশের জয় আট ম্যাচে।








