ক্রিকেটে ভারতের আধিপত্য নিয়ে অভিযোগ পুরনো। বাড়তি সুবিধা নেয়ার ঘটনা নতুন কিছু নয় এখন আর। পক্ষপাতিত্বমূল আম্পায়ারিংও দেখা গেছে বহুবার। এবার ফের দেখা গেল তেমন বিতর্কিত কাণ্ড।
আজ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ফাইনালে উঠার লড়াইয়ে দুবাইয়ে খেলছে তারা। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে পাকিস্তান।
ব্যাট হাতে আজ সাহিবজাদা ফারহানের সাথে ওপেন করতে নামেন ফখর জামান। শুরুটাও করেন দারুণ। প্রথম ৮ বলেই নেন ১৫ রান। তবে এরপরই বাঁধে বিপত্তি, ২.৩ ওভারে ফিরতে হয় তাকে ‘ভুল’ আউট হয়ে।
হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে, তা নিশ্চিত নয়।
বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও তাই আউট দেননি। সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু ঘটে ভিন্ন ঘটনা।
নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। জায়ান্ট স্ক্রিনে ‘আউট' লেখা ভেসে ওঠার পর ফখরের যেন বিশ্বাসই হতে চাইছিল না। যা অবাক করে সবাইকেই।
কেননা টিভি রিপ্লেতে মনে হয়েছে, বল আগে মাটিতে পড়ে স্যামসনের গ্লাভসে গেছে। এই আউট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। ভারতের বিপক্ষে ফের উঠেছে ‘চুরির' অভিযোগ।
অবশ্য ফখর ফিরলেও ভালোই আছে পাকিস্তান। আর কোনো উইকেট না হারিয়েই তুলেছে ৮ ওভারে ৭০ রান। সাহিবজাদা ফারহান ২৯ বলে ৩৯ ও ১১ বলে ১৩ রানে ব্যাট করছেন সাইম আইয়ুব।








