ওমান ক্রিকেটে আজ বিশেষ দিন। এক দশকের অপেক্ষা ঘোচাচ্ছে তাদের, অভিষেক হচ্ছে এশিয়া কাপে। প্রথমবারের মতো মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাম লিখিয়েছে তারা। নবম দল হিসেবে গড়লো এই কীর্তি।
সবকিছু ঠিক থাকলে আজ এশিয়া কাপে মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। ক্রিকেটিয় ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গল্প বা সাফল্য— সব দিক থেকেই ঢের এগিয়ে ম্যান ইন গ্রিনরা। শক্তিমত্তাতেও তাদের ধারেকাছে নেই ওমান।
ক্রিকেটে এর আগে কখনো মুখোমুখি হয়নি দুই দল, দেখা হয়নি কখনোই। তবে সেই অপেক্ষার অবসান হতে আর দেরি নেই। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দুবাইয়ে রাত সাড়ে ৮টায় দেখা হচ্ছে তাদের।
২০১৫ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওমানের। এরপর ২০১৯ সালের এপ্রিল থেকে ওয়ানডে ফরম্যাটেও পথচলা শুরু হয় তাদের।
এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। কিন্তু কখনো এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি তাদের। ২০১৬ সালে এশিয়া কাপের বাছাইপর্ব খেলেছিল ওমান।
চার দলের সেই বাছাই পর্বে শীর্ষ দুইয়ে থাকতে না পারায় মূল পর্বে খেলার টিকিট পায়নি তারা। অবশেষে নবম দেশ হিসেবে এশিয়া কাপে অভিষেক হচ্ছে ওমানের। খেলছে ভারত-পাকিস্তানের সাথে ‘এ’ গ্রুপে।
এশিয়া কাপের ১৭তম আসরে প্রথমবার খেলতে যাওয়া ওমান প্রথম ম্যাচেই পড়েছে চ্যালেঞ্জের মুখে। অভিষেকেই কঠিন পরীক্ষা দিতে হচ্ছে জতিন্দর সিংদের। দুইবারের চ্যাম্পিয়নদের সাথে খেলবে তারা।
এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমান। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যেকোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য আমাদের।’
অবশ্য ওমানের এই দলটি কার্যত নতুন করে সাজানো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর খেলোয়াড়দের সাথে বোর্ডের বেতন বিতর্কে দল ছেড়ে দিয়েছেন বহু সিনিয়র ক্রিকেটার। এরপর অনেকটা জোড়াতালি দিয়ে চলছে তাদের ক্রিকেট।
জতিন্দর সিংয়ের নেতৃত্বে গড়া এই দল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ হেরে এসেছিল। এরপর আর কোনো টি-টোয়েন্টি খেলেনি। এমতাবস্থায় ম্যাচটি স্মরণীয় করে রাখার ইচ্ছে পূর্ণ করা কঠিন হবে নিঃসন্দেহে।
এদিকে, ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রাটা ভালোভাবে করার লক্ষ্য পাকিস্তানের। সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘সদ্যই আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে খেলতে নামবে। আশা করি, দল হিসেবে আমরা ভালো করতে পারব।’
কাগজে-কলমে ম্যাচটি একতরফা হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের অনিশ্চয়তা সবসময়ই নতুন সম্ভাবনা তৈরি করে। আর দলটা যখন পাকিস্তান, তখন যেকোনো কিছুই হতে পারে। এমনি এমনিই তো আর তাদের ‘আনপ্রেডিক্টেবল’ বলে না!









