ইতিহাসের পাতায় নাম লেখালেন তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তার শতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এর আগে সেঞ্চুরি পাননি বাংলাদেশের কোনো ব্যাটার। অবশেষে তামিমের ব্যাটে কাটলো সেই খরা। সব মিলিয়ে ১৯ বছর পর সাদা পোশাকে অজিদের বিপক্ষে সেঞ্চুরি পেলেন কোনো টাইগার।

স্মরণীয় এই কীর্তির উদযাপনটাও ছিল দারুণ। তবে উদযাপনের আনন্দ দীর্ঘ হয়নি, তামিমকে থামতে হয়েছে সেঞ্চুরির পরই ১৯৭ বলে ৮ চার ১ ছক্কায় ১০১ রানে আউট হয়েছেন তামিম।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসী ছিলেন তানজিদ তামিম। প্রথম দিন শেষে ৩২ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ওপেনার দ্বিতীয় দিনও ধরে রাখেন সেই ছন্দ।

মুমিনুল হকের সাথে গড়েন ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুমিনুল ৪৯ রানে ফিরলেও থামেননি তানজিদ। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। অস্ট্রেলিয়ার বোলারদের সামলাতে সামলাতে পৌঁছে যান তিন অঙ্কে।

তাতে ১৯ বছর পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি দেখল বাংলাদেশ। ২০০৬ সালে শাহরিয়ার নাফিসের ১৩৮ রানের পর এবার সেই কীর্তির পাশে নাম লেখালেন তামিম। যা টেস্টে তামিমের প্রথম সেঞ্চুরি।

তানজিদের সেঞ্চুরির মাহাত্ম্য আরো বেড়ে গেছে ম্যাচের প্রেক্ষাপটে। এর আগে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে তামিমের এই সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সফরকারীরা।

তামিম আউট হলেও অবশ্য দারুণ খেলছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক ইতোমধ্যে পেয়েছেন ফিফটি। ৭০ ওভার শেষে ব্যাট করছেন ৮৬ বলে ৫৭ রানে। সাথে আছেন মুশফিকুর রহিম, ৯*। বাংলাদেশের সংগ্রহ এখন ২৪৭/৩। আর লিড ৪৯ রানের।

সব মিলিয়ে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে এসে প্রথমে বল হাতে দাপট, এরপর ব্যাট হাতে তানজিদের ইতিহাস—ডারউইনে বাংলাদেশের স্বপ্নের গল্পটা যেন আরো বড় হয়ে উঠছে।