পাকিস্তানের ক্রিকেটাররা কি জানেন, তাদের কোন ভূমিকায় খেলানো হচ্ছে? কারণ, যার উইকেট তোলার কথা, তিনি ছক্কা হাঁকাচ্ছেন। আর যার রান করার কথা, তিনি উইকেট তুলছেন। ক্রিকেটভক্তরা বিভ্রান্ত! একইভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো বিভ্রান্ত শ্বশুর শহিদ আফ্রিদিও।
এশিয়া কাপের লড়াইয়ে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আইয়ুব। একসময় মনে হচ্ছিল এক শ’র আগেই গুটিয়ে যাবে পাকিস্তান।
কিন্তু, সেটা হলো না শুধু শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের বদৌলতে। তিনি চারটি ছক্কা হাঁকান। কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আইয়ুব তিনটি উইকেট শিকার করেন।
সব মিলিয়ে যেন ভূমিকা অদলবদল হয়ে গেছে পাকিস্তান দলে ক্রিকেটারদের ভূমিকা। যা নিয়ে শহিদ আফ্রিদি বলছেন, ‘শাহিন রান করল বলে ১০০-র গণ্ডি পেরিয়েছে। কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না। আমি চাই শাহিন ভালো বল করুক।’
তিনি আরো বলেন, ‘একইভাবে সাইম বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ বল সুইং করানো। কিভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।’
আফ্রিদির বক্তব্য- ‘শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক।’
শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে তোপ দেগেছেন আফ্রিদি।








