শ্রীলঙ্কাকে ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে যদিও বাংলাদেশের শেষ চারের পথ সঙ্কুচিত করে ফেলেছে আফগানিস্তান, তবে এখনো সুযোগ আছে টাইগারদের। সুযোগ আছে শ্রীলঙ্কা হারলেও।
গ্রুপ অব ডেথে থাকায় কাজটা এমনিতেই কঠিন ছিল। তার উপর সুযোগ থাকলেও হংকংয়ের সাথে হেসেখেলে জয় আসেনি, বাড়িয়ে নিতে পারেনি রানরেট। আর শ্রীলঙ্কার সাথে তো হেরেছে খুব বাজেভাবেই।
আর আবুধাবিতে আফগানিস্তানের সাথে মঙ্গলবার শেষ ম্যাচে জয় এসেছে মাত্র ৮ রানে। সব মিলিয়ে নেট রান রেটেও অনেকটা পিছিয়ে লিটন দাসরা। শেষ চারে উঠতে তাই বাড়তে থাকে অপেক্ষা।
প্রথম অপেক্ষাটা আফগানিস্তানের হারের। শ্রীলঙ্কা যদি আজ বৃহস্পতিবার আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশকে আর কোনো অঙ্ক কষতে হবে না। সরাসরি উঠে যাবে সুপার ফোরে।
তবে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৯ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে এখন পর্যন্ত এতো রান তাড়া করে জেতেনি কোনো দল। ফলে অনেকটাই চাপে পড়ে গেছে টাইগারদের স্বপ্ন।
তবে একেবারে আশা ছেড়ে দেয়ার কিছু নেই। এখনো আছে সম্ভাবনা। এমনকি শ্রীলঙ্কা হারলেও যেভাবে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ। শুধু ব্যবধানটা একটু বড় হলেই হয়।
নতুন সমীকরণ দাঁড়িয়েছে এমন— শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আর তাহলেই আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।
ফলে ম্যাচ শুরুর আগে শ্রীলঙ্কাকে নিরঙ্কুশ সমর্থন দেয়া বাংলাদেশ এখন পড়ে যেতে পারে দ্বিধায়, শ্রীলঙ্কার জয় চাইবে, নাকি চাইবে লঙ্কানদের ৬৯ রানের হার! অবশ্য যেকোনো একটা হলেই তো হলো।








