২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খুঁজে নেয়া হয়েছে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক-সহ অধিনায়কও।

গত বছরের জুনে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এক বছরের চুক্তিতে তাকে দায়িত্ব দেয়া হয়।

সেই দায়িত্ব শেষ হওয়ার আগেই চুক্তির মেয়াদ বাড়ানো হলো। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের নেতৃত্ব দেবেন মিরাজই। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বহাল রাখা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিসিবির কার্যনির্বাহী কমিটির সাত ঘণ্টাব্যাপী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

ওয়ানডে অধিনায়কের মতো টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের মেয়াদও বাড়ানো হয়েছে। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেবেন তিনি।

তার সাথে বিসিবির চুক্তি ছিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যদিও রাজনৈতিক বিভিন্ন জটিলতায় সেই বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ।

তবে গত এক বছরে লিটনের অধিনায়কত্বে তার ওপর ভরসা রাখতে চাইছে বিসিবি। তার ডেপুটি হিসেবে সাইফ হাসানের চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে।