এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচটা। হারলে অনেকটা ফিকে হয়ে যাবে ফাইনালে ওঠার সম্ভাবনা।
দু’দলের অবস্থা এখন প্রায় একইরকম। সুপার ফোর পর্বে পাকিস্তান-শ্রীলঙ্কা উভয়ই তাদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দু’দলেরই আজ জয়টা ভীষণ প্রয়োজন।
আজকের ম্যাচটা তাই হতে যাচ্ছে ডু অর ডাই। কেননা টানা দুই ম্যাচে হার ছিটকে দিতে পারে ফাইনালে ওঠার লড়াই থেকে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই লড়াই।
একটা সময় পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হলেও এখন দেখা-সাক্ষাৎ কমে গেছে অনেকটাই। দু’দল সর্বশেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় তিন বছর আগে, ২০২২ এশিয়া কাপে।
২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে দু’বার দেখা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। দু’বারই জয় পেয়েছে লঙ্কানরা। সুপার ফোরে ৫ উইকেটে এবং ফাইনালে ২৩ রানে জিতেছিল তারা।
সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যার ১৩টিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা জয় পেয়েছে ১০ ম্যাচে। তবে অন্য একটা পরিসংখ্যান হতে পারে পাকিস্তানের ভয়ের কারণ।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ পাঁচটি টি-টোয়েন্টির একটিও জিততে পারেনি পাকিস্তান। যার সবশেষটি ছিল ২০২২ এশিয়া কাপের ফাইনালে।
তবে এই পরিসংখ্যানে একটি জিনিস স্পষ্ট। শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি খেলা হয় না পাকিস্তানের। ফলে এই সময়ে শক্তিমত্তায় পার্থক্য এসেছে নিশ্চিত করেই বলা যায়।
শ্রীলঙ্কা সুপার ফোরে এসেছে প্রথম পর্বের সবগুলো ম্যাচ জিতে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। সুপার ফোরে এসে প্রথম হারের মুখ দেখে তারা। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে ধরাশায়ী হওয়ার পর একই দলের কাছে হারে সুপার ফোরে।
বর্তমানে শক্তিমত্তায় দু’দলকেই প্রায় একইরকম মনে হচ্ছে। এশিয়া কাপে আসার আগে দু’দলই সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। তাছাড়া র্যাঙ্কিংও দু’দল কাছাকাছি। পাকিস্তান সপ্তম ও শ্রীলঙ্কার অবস্থান অষ্টম।
ফলে আবুধাবিতে আজ যেমন মরণপণ লড়াই করতে চাইবে দু’দল, তেমনি দেখা যেতে পারে জমজমাট এক লড়াই। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তান-শ্রীলঙ্কা কারোর সামনে।








