দীর্ঘ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। এক সময় সদা আলোচনায় থাকা এই অলরাউন্ডার এখন অনেকটাই আড়ালে। তবে আবারো আলো কেড়ে নেয়ার মোক্ষম সুযোগ এসেছে তার সামনে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পেয়েছেন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার। ডাক এসেছে লাহোর কালান্দার্স থেকে। যে দলের হয়ে খেলছেন আরেক বাংলাদেশী রিশাদ হোসেন।
কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিয়মিত অনুশীলন করছিলেন। তখনই ধারণা পাওয়া গিয়েছিল, হয়তো দ্রুতই মাঠে ফিরতে যাচ্ছেন সাকিব। অবশেষে দেই ধারণাই সত্য হবার পথে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এখনো অনাপত্তিপত্র মেলেনি। এনসিও পাওয়া মাত্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
ভারত ও পাকিস্তানের যুদ্ধের কারণে গত সপ্তাহে মাঝপথে বন্ধ হয়ে যায় পিএসএল। তবে দুই পক্ষ যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় ফের ১৭ মে (শনিবার) মাঠে গড়াচ্ছে খেলা। যার অংশ হতে যাচ্ছেন সাকিব।
যুদ্ধ শুরু হলে পিএসএল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন একাধিক তারলা ক্রিকেটার। এখন ফের খেলা মাঠে গড়ালেও জানা গেছে অনেকেও আর ফিরছেন না। সুবাদে তার বিকল্প খুঁজতে শুরু করেছে দলগুলো।
সেই সুযোগে পিএসএলের মাঝপথে দল পেলেন সাকিব। অবশ্য নিলামেও নাম ছিল তার। তবে সেই সময় তার বোলিং নিষিদ্ধ থাকায় আগ্রহ দেখায়নি দলগুলো। তবে এখন সেই সমস্যা কাটিয়ে উঠেছেন সাকিব।
তাতেই বাজিমাত লাহোরের। সাকিবকে দলে ভিড়িয়েছে তারা। যদিও লিগ পর্বে আর মাত্র একটা ম্যাচ বাকি তাদের। শেষ ম্যাচটি তারা খেলবে আগামী রোববার পেশোয়ারের বিপক্ষে।
বিসিবির অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে এই দিনই দলটির হয়ে প্রথমবারের মাঠে নামতে পারেন সাকিব। যদিও রিশাদকে সাথে পাবেন না তিনি, আরব আমিরাত সিরিজের জন্য ইতোমধ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ দল।
লাহোর পিএসএলের প্লেঅফের দৌড়ে ভালোভাবে টিকে আছে। ৯ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। ফলে সবকিছু ঠিক থাকলে প্লে অফে সাকিব হয়ে উঠতে পারেন লাহোরের তুরুপের তাস।









