প্রথম ম্যাচটা হেরে বসলেও নিজের দ্বিতীয় ম্যাচে দলকে জেতালেন সাকিব আল হাসান। মায়ামি ব্লাজকে এনে দিয়েছেন আসরের প্রথম জয়। এই ম্যাচেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেন সাকিব।

শুক্রবার (১৮ জুলাই) জর্জ টাউনে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে সাকিবের দল। ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে প্রথম দু’ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মায়ামি।

আগের ম্যাচেও ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন সাকিব। আক্রমণাত্বক ব্যাটিংয়ে ঝড় তুলে ২৬৩.৬৪ স্ট্রাইক রেটে ১১ বলে খেলেন ২৯ রান। দু’ ছক্কা ও তিনটি চার মারেন তিনি।

আক্রমণাত্বক ব্যাটিংয়ে এরপর মায়ামিকে টানছিলেন এঞ্জেলা পেরেরা। ৫ চার ও ২ ছক্কায় ২২ বলে ৪৫ রানের ইনিংস খেলেন এই শ্রীলঙ্কান। এরপর আর কেউ তেমন কিছু কর‍তে পারেননি।

শেষ পর্যন্ত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রানে থামে মায়ামি। ফ্যালকন্সের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন ধাওয়ান ও জার্ভিস।

জবাবে ৪ ওভারে ২ উইকেটে ৪৮ রান তুলে জয়ের দিকে এগিয়ে যেতে থাকে ফেলকন্স। কিন্তু পরের ৩৫ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। শেষমেশ ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রানে থামে ফেলকন্স।

সাকিব তুলে নেন ৮ বলে ১৬ রান করা রোনালদো আলি মোহামেদের উইকেট। সব মিলিয়ে ২ ওভারে ১৯ রান দিয়ে একটি উইকেট পান তিনি। শেহান জয়সুরিয়া ১৮ রানে নেন ৩ উইকেট।