কোস্টারিকার বিপক্ষে সেইন্ট পিটার্সবার্গে আগামীকাল বিশ্বকাপের ম্যাচকে সামনে রেখে সোচিতে অনুষ্ঠিত ব্রাজিলের অনুশীলনে ফিরেছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার। ডান গোঁড়ালিতে ব্যাথার কারণে গতকাল নেইমার অনুশীলনে ছিলেন না, যে কারণে তার খেলা নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছিল।

ব্রাজিলিয়ান কনফেডারেশনের টেলিভিশন চ্যানেলে প্যারিস সেইন্ট-জার্মেইর এই সুপারস্টার বলেছেন, ‘আমি ভালোভাবেই অনুশীলন করেছি। সত্যিই আমি বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করছি। আমার পা ভালো আছে।’

সোমবার অনুশীলনে না থাকা নেইমার মঙ্গলবার তার সতীর্থদের সাথে মাত্র ১৫ মিনিট অনুশীলন করেছেন। দলের চিকিৎসক রডরিগো লাসমার জানিয়েছেন, জগিংয়ের সময় তিনি কিছুটা অস্বস্তি অনুভব করেছেন। সে কারণে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবারের অনুশীলন সেশনটি গণমাধ্যমের জন্য বন্ধ ছিল। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন টুইটারে এক বিবৃতি ও ভিডিও বার্তায় নেইমারের অনুশীলনের বিষয়টি নিশ্চিত করেছে।

নেইমার পুরো সেশন কাজ করেছেন কিনা এ ব্যপারে অবশ্য স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র হওয়া প্রথম ম্যাচে নেইমারের বিপক্ষে করা বেশ কয়েকটি ফাউলের প্রেক্ষিতে তাকে নিয়ে ইনজুরির শঙ্কা দেখা দেয়।

নক আউট পর্ব নিশ্চিত করতে হলে কোস্টারিকার বিপক্ষে জয়টা অত্যন্ত জরুরী। প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে পরাজিত হয়েছিল কোস্টারিকা।

এক ভিডিও বার্তায় আসন্ন ম্যাচ সম্পর্কে নেইমার বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচটিকে সামনে রেখে আমাদের ঘিড়ে প্রত্যাশার মাত্রা কয়েকগুন বেড়ে গেছে। প্রথম ম্যাচের তুলনায় আরো ভালো খেলার আশা করছি। আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

তিনি আরো বলেন, ব্রাজিল বস তিতেও ম্যাচটির চ্যালেঞ্জের জন্য তার দলকে সেভাবেই প্রস্তুত করে তুলেছেন। অনুশীলনেও খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। তাদেরকে পরাজিত করার জন্য সম্ভাব্য সেরা বিষয়টি নিয়েই পুরো দল পর্যালোচনা করেছে।

আরো পড়ুন:
নেইমার এত স্বার্থপর!
নয়া দিগন্ত অনলাইন, ১৯ জুন ২০১৮
বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘ই’তে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর সাম্বার দেশের মিডিয়া সমালোচনায় মুখর হয়েছে। অনেক সংবাদপত্রই এই ‘ড্র’কে ‘চরম বিপর্যয়’ আখ্যা দিয়েছে।

ইএসপিএন ব্রাজিলের সাংবাদিক রিবোরো বলেছেন, ‘স্পষ্ট বোঝা গিয়েছে নেইমার একশো শতাংশ ফিট ছিল না। তা সত্ত্বেও ওকে পুরো সময় মাঠে রাখা হল কেন? পায়ে বল পরলেই ও কেবল ড্রিবল করে গেছে। আসলে ও বিপক্ষকে ফাউল করতে যেন আমন্ত্রণ জানিয়েছে। নেইমার কি ব্রাজিলকে একাই ম্যাচ জেতাতে পারবে? তিন মাসের বেশি ও মাঠের বাইরে ছিল চোটের জন্য। কিন্তু কোচ তিতে ওকে পুরো ৯০ মিনিট খেলিয়ে গেলেন।’

সাবেক ফুটবলার এলিয়াস বলেছেন, ‘বরাবর দেখেছি নেইমার একজন সেলফিস ফুটবলার। কেবল ব্যক্তিগত চাতুর্য দেখাতে চায়। কিন্তু টিম গেম খেলে না ও। যখন দেখছে ওকে, বার বার ফাউল করা হচ্ছে, তখন নেইমার ওয়ান টাচে খেলার চেষ্টা করল না কেন? এই ধরনের ব্যক্তিকেন্দ্রিক ফুটবল এখন অচল। ডগলাস কোস্তাকে অনেক আগেই নামানো উচিত ছিল। আর রবার্তো ফারমিনোর জায়গা প্রথম একাদশে। রিজার্ভ বেঞ্চে নয়।’

এদিকে, ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘সাকিরির কর্নার বক্সে উড়ে আসার সময় মিরান্দাকে পেছন থেকে ধাক্কা মারা হয়েছিল। তারপর হেড নিয়ে গোল করেন স্টিভন জুবের। এটা ছিল পরিষ্কার ফাউল। রেফারির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল ব্রাজিলকে। উনি কেন ভিএআর প্রযুক্তির সাহায্য নিলেন না? আমি পরে ভিডিও রিপ্লেতে আমি বার বার দেখেছি, ওটা ছিল ক্লিন ফাউল। চারজন সহকারি রেফারি ইন্সপেকশন রুমে থেকেও এটা ধরতে পারলেন না? আমরা প্রথম গোলটা করার আগে ফুটবলাররা কিছুটা মানসিক চাপে ছিল। তারপরেও প্রচুর সুযোগ পেয়েও নষ্ট হয়েছে। তবে আরও দুটো ম্যাচ বাকি রয়েছে। আশা করি, পরবর্তী দুটি ম্যাচেই জিতব।’

তবে তিতের প্রথম একাদশ চয়ন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। গ্যাব্রিয়েল হেসাস ও উইলিয়ান ফ্লপ করা সত্ত্বেও বিরতিতে তিনি চেঞ্জ নিলেন না কেন?