বাংলাদেশ দলের ম্যাচ হলেই এর ধকল সামলাতে হয় বসুন্ধরা কিংসকে। গত বছর তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে ইনজুরিতে পড়েন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মাশুক মিয়া জনি। এখনো তিনি মাঠে নামার মতো অবস্থায় আসেননি। জানুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল হ্যামেস্ট্রিং ইনজুরিতে পড়েন মতিন মিয়া। লম্বা সময় পর এই স্ট্রাইকার এখন পুরোপুরি ফিট। বাংলাদেশ সেরা ক্লাবটি যখন এই আনন্দে ভাসছে তখনই কাতার থেকে দুঃসংবাদ নিয়ে এলেন তপু বর্মন। কাতারের বিপক্ষে ম্যাচের সময় দ্বিতীয়ার্ধে ইনজুরিতে পড়েন এই স্টপার ব্যাক। কাপ মাসলে চোটের কারণে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ দল ৬ তারিখে দেশে পৌঁছালেও দলের সাথে আসেননি কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া। দোহা থেকেই কোচিং স্টাফরা ইংল্যান্ড চলে গেছেন। আর জামাল কাতারে কয়েক দিন কাটিয়ে চলে যাবেন ভারতে। খেলবেন কোলকাতা মোহামেডানের হয়ে।

তপু বর্মনের এই ইনজুরি তাকে ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপে খেলার সুযোগ দেবে না। বসুন্ধরা কিংস কর্মকর্তা বি এ যোবায়ের নিপু জানান, ‘আগামীকাল ক্যাম্পে এলে আমরা তপুর এমআরআই করবো। এরপর বুঝা যাবে তার চোটের মাত্রা কতটুকু। তবে আপাতত দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হচ্ছে।’

‘এক বছরেরও বেশি সময় ইনজুরিতে কাটানো জনি আগামী কয়েক দিনের মধ্যেই বল প্র্যাকটিসে নামবেন। আর মতিন মিয়া পুরোদমে অনুশীলন করছেন। রয়েছেন ফর্মের তুঙ্গে’, তথ্য দেন নিপু।

এদিকে বরাবরের মতোই দলের সাথে দেশে ফেরেননি কোচ জেমি ডে। সাথে অন্য কোচিং স্টাফরাও। তারা দোহা থেকেই ইংল্যান্ড চলে যাওয়ায় ২২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ দেখা হচ্ছে না মাঠে বসে। বাফুফে সূত্রে জানা গেছে, আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্বের বাকি তিন ম্যাচ। এই তিন ম্যাচের সূচির পর খেলার আগে ক্যাম্প শুরু হলে আসবেন তিনি। আগের বার চুক্তির সময়ও এই কাজ করেছিলেন জেমি। আর জামাল ভূঁইয়া এখন কোলকাতা মোহামেডানের ফুটবলার। জামাল-সাইফ এবং কোলকাতা মোহামেডানের ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ১৯ এপ্রিল পর্যন্ত তিনি আই লিগে খেলতে পারবেন।