গতবারের ড্যানিয়েল কলিনড্রেস নেই। এক ম্যাচের সার্ভিস দিয়ে চলে গেছেন আর্জেন্টিনার হারনান বার্কোসও। এদের বিকল্প যে দুই ব্রাজিলিয়ার এবং এক আর্জেন্টাইন রয়েছেন তাদের সাথে কলিনড্রেস ও বার্কোসের তুরনায় যেতে চাইলেন না। বরং তার ভরসা দলটি ভারসাম্যপূর্ণ হওয়ায়। এদের নিয়েই চলতি মওসুমের সব আসর জিততে চায় বসুন্ধরা কিংস।
সোমবার ফুটবলারদের রেজিস্ট্রেশন করাতে এসে এই মন্তব্য করেন দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।
গতবার শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। হারে মওসুম করলেও পরে জিতেছে ফেডারেশন কাপ। অসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে ধরে রাখতে পারেনি শীর্ষস্থান। এসবই হয়েছিল ডিফেন্সের ভুলে। ইনজুরির জন্য দলের বাইরে ছিলেন মিডফিল্ডার মাশুক মিয়া জনি। তবে এবার স্থানীয় এবং বিদেশীদের নিয়ে দলটি ব্যালেন্সড। স্থানীয়দের দুবর্লতাও জানা হয়ে গেছে। সেই অনুযায়ীই বিদেশী সংগ্রহ।
কোচ অস্কার ব্রুজনের মতে, আমরা স্থানীয়দের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে জেনেছি। সেই মোতাবেকই বিদেশী সংগ্রহ।’
এরপর দলের টার্গেট সম্পর্কে বলেন, ‘বসুন্ধরা কিংস আক্রমণাত্মক দল। অবশ্যই আমাদের লক্ষ্য সিজনের সব ট্রফি জয়। তবে আপাতত লক্ষ্য ফেডারেশন কাপ। মওসুম শুরুর এই টুর্নামেন্টে আমরা এগুতে চাই ম্যাচ বাই ম্যাচ।’
তার মতে, ‘ফেডারেশস কাপে চ্যাম্পিয়ন হতে আমাদের পাঁচ ম্যাচ জিততে হবে। তাই এগুতে চাই ম্যাচ বাই ম্যাচ।’
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় জনি ও মতিন মিয়া। তবে তাদের স্থান নিশ্চিত নয় প্রথম একাদশে। কোচের বক্তব্য, ‘তাদের দলে স্থান করে নিতে হবে। অনুশীলনে প্রমান করতে হবে যোগ্যতা। উভয় খেলোয়াড়রই লম্বা সময় ধরে মাঠের বাইরে।’
জাতীয় দলের গুরুত্বপূর্ণ স্ট্রাইকার মাহাবুবুর রহমান সুফিল। লাল সবুজ জার্সীতে সর্বশেষ ম্যাচেও তিনি ছিলেন একাদশে। তবে বিদেশীদের ভীড়ে গতবার তাকে কখনো বদলী হিসেবে, কখনো রাইট ব্যাকে খেলতে হয়েছে। এবারও কি তাই? ব্রুজনের উত্তর, সুফিল খুবই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড। তাকে আমি একাদশেই স্থান দেবো। আবার ম্যাচের প্রয়োজনে বদলী হিসেবেও নামানো হতে পারে।
সোমবার ফুটবলাদের রেজিস্ট্রেশন করিয়েছে উত্তর বারিধারা এবং বাংলাদেশ পুলিশও। পুলিশের সাধারণ সম্পাদক রেজাউল হায়দার জানান, ‘আমাদের লক্ষ্য লিগে সেরা পাঁচে থাকা। গতবারের সব বিদেশীকে বাদ দিয়ে এবার আইভরিকোস্টের তিনজন এবং গতবার সাইফে খেলা কিরগিজ ফুটবলার আহমেদভকে নিয়েছি।’





