নাইজেরিয়ান ফরোয়ার্ড উগুচুকু ওবিমানেকের হ্যাটট্রিকে জয়ে ফিরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার তিন গোলের উপর ভর করে শেখ রাসেল ৪-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে। ৩৬, ৩৯ ও ৪৬ মিনিটে তিন গোল করেন তিনি। অপর গোল আবদুল্লাহর।
এই জয়ের ফলে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট জমা করেছে সাইফুল বারী টিটুর দল। অন্য দিকে টানা ছয় হারে এখনো পয়েন্টশূন্য আরামবাগ।
লিগে উগুচুকুর মোট গোল চারটি। লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এই আরামবাগের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিক করেন শেখ জামালের ওমর জোবে। মঙ্গলবার উগুচুক প্রথম গোলটি করেন বখতিয়ারের কাটব্যাক থেকে। পরেরটি ২৫ গজ দূর থেকে নেয়া শটে। খালেকুজ্জামানের ক্রসে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আবদুল্লাহর গোলেও পাসটি দেন খালেকুজ্জামান।





