বিশ্ব ক্রীড়াঙ্গনে ম্যাচ ফিক্সিং নিত্য ঘটনা। ধরা পড়লে শাস্তি নিশ্চিত। কেউ হন আজীবন নিষিদ্ধ, কেউবা সাময়িক বা কয়েক বছরের জন্য। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের জন্য হাজার বছরের কারাদণ্ডের ইতিহাস হয়তো ক্রীড়াঙ্গন অবলোকন করেনি। কিন্তু সেটাই হয়েছে তুরস্কে।

তুরস্কের শীর্ষস্থানীয় একট ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামির প্রত্যেককে শুক্রবার এক হাজার বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আসামিদের একজন গণমাধ্যমের কর্মকর্তা, আরেকজন সাবেক পুলিশ প্রধান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক দশক আগে ঘরোয়া লিগে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে ফেনারবাখ ক্লাবের প্রেসিডেন্ট আজিজ ইলদিরিমকে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়। দলটিকে দুই মৌসুমের জন্য ইউরোপের প্রতিযোগিতামূলক আসর থেকে নিষিদ্ধ করা হয়।

কিন্তু থেমে থাকেনি সেই তদন্ত। ষড়যন্ত্রের আভাস পাওয়ায় মামলাটি আবার চালু করা হয়। এই মামলায় ফোনদকলে আড়িপাতা ও নথি জালিয়াতির দায়ে বন্ধ হয়ে যাওয়া সামানিওলু মিডিয়া গ্রুপের প্রধান হিদায়েত কারাকাকে ১ হাজার ৪০৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।