শুক্রবার ছিল দিয়েগো ম্যারাডোনার মৃত্যুবার্ষিকী। এমন একটি দিনের পরের দিনই ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাঁচা মরার ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। যেখানে মেক্সিকোর কোচও আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক কোচ জেরার্ডো মার্টিনো। তাই কাল মেইন মিডিয়া সেন্টারে দুই দলের কোচের কাছেই আর্জেন্টিনাকে ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন করানো গ্রেট ফুটবলারকে নিয়ে প্রশ্ন। দুই দলের কোনো কোচই ম্যাচের সাথে এই মৃত্যু বার্ষিকীকে এক করতে চাইলেন না।

মার্টিনোর মতো আর্জেন্টিনার কোচেরও ঘোষণা শনিবার তারা জিততে চান। তবে জোরালো কণ্ঠ ২০০৬ বিশ্বকাপে খেলা লিওনেল স্ক্যালোনির। জানান, আমরা প্রথম ম্যাচে হেরে প্রচণ্ড ধাক্কা খেয়েছি। এ থেকে উত্তরণ ঘটিয়ে আজ মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প কিছুই ভাবছি না। সে সুযোগও নেই। আমাদের একটাই লক্ষ্য জয়। আর সে জন্য যা যা করার সবই করবো।

শুক্রবার বিকেলে সবার আগে আসে আর্জেন্টিনা। প্রথমে আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। তার উত্তর দেয়ার পর্ব শেষ হলে ঢোকেন কোচ স্ক্যালোনি। দুই জনেরই এক জবাব, জয় ছাড়া কিছুই ভাবছি না।

প্রথম ম্যাচে হারের পর বেশ চাপে ল্যাতিন দেশটি। তাই শনিবার তাদের ঘুরে দাঁড়াতে হবে আরো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে। এই মিশনে দলের কোনো ফুটবলারই চাপে নেই।

ইন্টার মিলানে খেলা স্ট্রাইকার মার্টিনেজ জানান, এটাই তো ফুটবল। সৌদিদের বিপক্ষে হারের পর আমরা যে প্রচণ্ড ধাক্কা খেয়েছি তা থেকে ফিরে আসতে হবে। সে ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি কোনোভাবেই এর পুনরাবৃত্তি করা যাবে না। আমরা প্রথম ম্যাচে ভুলেরই খেসারত দিয়েছি। ভাবিনি এমন পরিস্থিতির মুখে পড়বো। তবে আমরা চাপমুক্ত।

তিনি জানান, জাতীয় দলে খেললে সবাইকেই প্রমাণ করান চেষ্টা করতে হবে। এখানে বিশ্বকাপে প্রথম ম্যাচ বলে নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই।

উল্লেখ্য প্রথম ম্যাচে বেশ কয়েকজন আর্জেন্টাইনের বিশ্বকাপে অভিষেক। তার মতে, আর্জেন্টিনা এই আসরের মতো শনিবারের খেলাতেও ফেরাবিট। যদিও মেক্সিকানরা কঠিনতম প্রতিপক্ষ। কিন্তু আমাদেরতো জিততে হবে।

কোচ স্ক্যালোনির জবাব, আজ আমাদের ভিন্ন ম্যাচ। তাই কৌশলও হবে ভিন্ন। তবে আমার দলের সবার ওপরই আস্থা আছে। রয়েছে আজ মেক্সিকোকে হারানোর আত্মবিশ্বাসও। ফুটবলারদের উদ্দেশে তার সতর্কবার্তা, আর্জেন্টনা দলে খেলতে হবে একজন আর্জেন্টাইনের মতোই। নার্ভাসনেসের কোনো অবকাশ নেই।

কোচ যোগ করেন, আমরা এই ম্যাচে জিতবো কিনা তা নির্ভর করছে আমাদেরই ওপর। তিনিও যোগ করেন, সৌদি মরু ঝড়ের জন্য প্রস্তুত ছিল না দল।

তার মতে, আমরা অনেক দিন ধরেই একটি ছন্দে ছিলাম। তাতে ছেদ পড়লো এই বিশ্বকাপের প্রথম ম্যাচে। এজন্য দায়ী আমরাই। এই হার সবার জন্যই বার্তা। এখন সেই ভুল শোধরানোর একটাই উপায়, আজ জয়।

মেক্সিকোর কোচ জেরার্ডো মার্টিনো জানালেন, আমরা আর্জেন্টিনাকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডের পথে থাকতে চাই। এখন পর্যন্ত আমাদের ভাণ্ডারে এক পয়েন্ট।