দাম বেড়েছে পেঁয়াজের ঠিকই
আনন্দে আছে মামা
রাগে গরগর করে মামী তবু
মামা করে সা রে গা মা।

আজকে মামীর কোনো কথা যেন
নিচ্ছে না মামা কানে
মামীর কথার উত্তরও আজ
দিচ্ছে যে গানে গানে।

মুচকি হাসিতে কথা বলে মামা
নাই মনে ভয় কোনো
এমন সাহসী পুরুষ জীবনে
দেখিনি একজনও!

আসল ঘটনা জানতে মামাকে
প্রশ্ন করার সাথে
চুপিচুপি মামা ডেকে নিলো কাছে
আমাকেই ইশারাতে।

ঘটনা শুনেই সামনে মামীর
দিয়েছি তো জোরে হেসে
এই মাসে নাকি বাজারের ভার
নিয়ে গেছে মামী ফেঁসে!