স্থল নিম্নচাপের প্রভাবে দেশের পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসাথে এসব এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কার কথা জানানো হয়েছে।

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেয়া আবহাওয়া অধিদফতরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, ওই দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একইসাথে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

আবহাওয়া অধিদফতরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরগুলোকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।