গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন আরো ৫৪ শনাক্ত হয়েছেন এবং রোগটিতে মৃত্যুবরণ করেছে ৩ জন। গত ৩ এপ্রিল থেকে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে আগের দিনের চেয়ে বেশি। গত ৭ এপ্রিল আক্রান্তের সংখ্যার চেয়ে আজ বুধবার ৮ এপ্রিল আক্রান্ত বেড়েছে ১৩ জন। তবে আগের দিনের চেয়ে আজ মৃত্যুর সংখ্যা ২টি কম ছিল। মঙ্গলবার মৃত্যু হয় ৫ জনের। বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ২১৮ জন। আজ নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের ৩৯ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। নতুন আক্রান্তদের ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী। অতএব সামনের দিনগুলোতে ঢাকা হতে যাচ্ছে করোনা ভাইরাসের জন্য নতুন হটস্পট। এছাড়া ঢাকার একটি উপজেলায় একজন এবং অবশিষ্টরা ঢাকার বাইরের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছে।

বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফোরা একথা জানান। এসময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা। অধ্যাপক সানিয়া তাহমিনা জানান, যে ৫৪ জনকে করোনা সংক্রমিত শনাক্ত করা হয়েছে মোট ৯৮১টি নমুনা পরীক্ষা থেকে। তবে নমুনা সংগ্রহ করা হয়েছিল মোট ৯৮৮টি। ৮টি নমুনা পরীক্ষা করা যায়নি কিছু সমস্যার কারণে। এগুলো পরে পরীক্ষা করা হবে। যে ৯৮৮ টি নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে ঢাকা থেকে করা হয়েছে ৫৬৩টি এবং ঢাকার বাইরে ৫২৩টি নমুনা।

অধ্যাপক সানিয়া তাহমিনা জানিয়েছেন, করোনা চিকিৎসায় ওষুধ দিয়ে দেশের কয়েকটি ওষুধ কোম্পানি আমাদের সহায়তা করেছে। এর মধ্যে ইনসেপ্টা, এসিআই, ডেল্টা, বিকন, একমি অন্যতম। আবার অক্সিজেন লিমিটেড নামের অক্সিজেন উৎপাদনকারী একটি কোম্পানি গত এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।