ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য গড়ে উঠা সামাজিক আন্দোলনের প্রভাবেই ঢাকা উত্তরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে শনিবার সকালে রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য-উপাত্ত মোতাবেক পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামাজিক আন্দোলনের সুফল হিসেবেই রাজধানীর অন্যান্য এলাকার তূলনায় ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম।

মেয়র বলেন, স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী ২০ আগস্ট মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১২ জন ডেঙ্গু রোগীর মধ্যে ডিএনসিসি এলাকার ডেঙ্গু রোগী রয়েছেন মাত্র ৪৬ জন।

আতিকুল ইসলাম ডিএনসিসির আওতাভুক্ত এলাকায় অবস্থিত খালি প্লট কিংবা জায়গাগুলো যাতে মশার উৎপত্তিস্থলে পরিণত না হয় এ জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সেসব প্লট কিংবা জায়গার মালিকদেরকে পত্র দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন মেয়র আতিক। তিনি বলেন, নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোাগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো: জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস