জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ ও লোক প্রসাশন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। সংঘর্ষের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় এক পক্ষ আরেক পক্ষকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান জানান, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকেছি। পরিস্থিতি এখন একটু শান্ত।





