ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে এ ঘটনা ঘটে।
নিহত বুরহান উপজেলার আড়াইসীধা পশ্চিমপাড়া গ্রামের আরিজ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
আড়াইসীধা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) নাসির উদ্দিন জানান, বুরহান প্রতিদিনের মতো রোববার মাগরিবের নামাজের পর বাজার চারতলা সংলগ্ন বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যার পর হঠাৎ আকাশ কালো হয়ে মেঘে ঢেকে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বুরহান ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মো: আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট অফিসারকে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে।





