‘দক্ষ চালক, নিরাপদ সড়ক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে ২০০ চালকের মোটরযান চালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের (বিআরএসপি) আওতায় দ্বিতীয় ধাপের প্রশিক্ষণার্থীদের নিয়ে রোববার সিলেট বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে ওরিয়েন্টেশন ও পরিচিতি সভার মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

রোববার (৪ অক্টোবর) সিলেট বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: ডালিম উদ্দিন। 

বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপক (অপারেশন ও প্রশিক্ষণ) মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিসি সিলেট প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক আজাদ হোসেন খান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, ইকরামুল কবীর ও সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর।

বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালকের বিকল্প নেই। শুধু গাড়ি চালাতে পারলেই একজন চালক দক্ষ হয়ে ওঠেন না। সড়ক আইন, ট্রাফিক সংকেত, যানবাহনের যান্ত্রিক বিষয়, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে করণীয় এবং পথচারী ও অন্য যানবাহনের প্রতি দায়িত্বশীল আচরণ সম্পর্কেও চালকদের পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।

তারা বলেন, চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ববোধ ও সচেতনতা বাড়ানো সম্ভব। একজন চালকের সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই গাড়ি চালানোর সময় অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা ও প্রতিযোগিতামূলক মনোভাব পরিহার করতে হবে। পাশাপাশি যানবাহনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটি শনাক্ত করার দক্ষতাও অর্জন করতে হবে।

বক্তারা আরো বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু চালক নয়, পথচারী, যাত্রী, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষিত চালক তৈরি হলে সড়কে শৃঙ্খলা বাড়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে। এ জন্য চালকদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরো কার্যকর ও বাস্তবমুখী করার ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম, কোর্সের বিভিন্ন বিষয় এবং প্রশিক্ষণ চলাকালে তাদের দায়িত্ব সম্পর্কে ধারণা দেয়া হয়। পরে অতিথি ও প্রশিক্ষকদের সাথে প্রশিক্ষণার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং তাদের মধ্যে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।