বরগুনায় নারী ধর্ষণ মামলায় মো: মাহবুব কারিকর নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (৪ সেপ্টেম্বর) উভয় পক্ষের শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো: ওসমান গনি এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো: মাহবুব কারিকর বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচকী গ্রামের আ: কাদেরের ছেলে।
জানা যায়, ২০১৪ সালের ২৩ জুন বরগুনার পাথরঘাটা উপজেলার মরহুম মমিন উদ্দিনের ছেলে মো: খবির গাজী বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের ৩ জুন তার মেয়েকে একই এলাকার আ: কাদেরের ছেলে মো: মাহবুব কারিকর বিদেশে চাকরির কথা বলে জামাতার বাড়ি থেকে জামাতাসহ চট্টগ্রামে নিয়ে যায়। চট্টগ্রামে গিয়ে তার জামাতা একটি হোটেলে পানি পান করতে গেলে আসামি কৌশলে ভিকটিমকে নিয়ে পালিয়ে যায় এবং মোবাইলফোন বন্ধ করে দেয়। পরে তার জামাতা বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পর আসামির বিরুদ্ধে ২০ দিন পর আদালতে মামলাটি করেন।
দীর্ঘ ১২ বছর পর সাক্ষীর শুনানি শেষে আজ রোববার মামলায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। সেইসাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ডের ১০ হাজার টাকা ভিকটিমকে বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু বলেন, আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি। রাষ্ট্রপক্ষ মোট নয়জন সাক্ষীকে উপস্থিত করে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণ দিয়েছে। আজকে মামলাটির আদেশ পাওয়ায় আমি বিচারক মহোদয়কে ধন্যবাদ জানাই। এতে করে মানুষ ভবিষ্যতেও ন্যায় বিচার পাবে বলে আশা করছি।
তিনি আরো বলেন, আসামির উপস্থিতিতে আজ বিচারক রায় পড়ে শোনান। আসামি বর্তমানে আদালতের সাজামূলে জেলহাজতে আছেন।





