আফ্রিকার অন্যতম বড় অবকাঠামো সম্মেলন অনুষ্ঠিত হলো বাংলাদেশের কনভে অ্যাপে।
বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের জোট জি২০-এর সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সিম্পোজিয়াম সাউথ আফ্রিকা (সিডসা-২০২৬) শীর্ষক ওই সম্মেলন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। যেখানে ভিডিও কনফারেন্সিং ও স্ট্রিমিং পার্টনার বিশ্বখ্যাত জুম, গুগল মিট কিংবা টিমস নয়, ছিল বাংলাদেশের তৈরি প্ল্যাটফর্ম কনভে।
এ নিয়ে টানা দ্বিতীয় বছর প্রভাবশালী এই আন্তর্জাতিক সম্মেলনের প্রযুক্তিগত অংশীদার হলো বাংলাদেশী কনভে। সম্মেলনের আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট দফতরের ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অফিসের অধীন সংস্থা ইনফ্রাস্ট্রাকচার সাউথ আফ্রিকা (আইএসএ)।
এবার ২৯টি দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনের সেঞ্চুরি সিটি কনফারেন্স সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩ থেকে ২৫ আগস্ট তিন দিনের সম্মেলনের লাইভ স্ট্রিমিং ও রিয়েল-টাইম বহুভাষিক ট্রান্সক্রিপশনে ছিল দেশের খ্যাতনামা প্রযুক্তি কোম্পানি সিনেসিস আইটির তৈরি এই প্ল্যাটফর্ম।
এবারের সম্মেলনে স্থানীয় সরকার পর্যায়ে টেকসই ও ভবিষ্যৎমুখী অবকাঠামো গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়। আফ্রিকার বিভিন্ন দেশের মন্ত্রী, মেয়র, বিনিয়োগকারী, তহবিল ব্যবস্থাপক ও উন্নয়ন সহযোগীরা এতে অংশ নেন।
দক্ষিণ আফ্রিকার সরকারি সংস্থা ইনফ্রাস্ট্রাকচার সাউথ আফ্রিকার (আইএসএ) প্রধান মামিতসে মাসেমোলা বলেন, কনভের বহুভাষিক স্ট্রিমিং সিডসাকে সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক প্যান-আফ্রিকান আয়োজনে রূপ দিয়েছে। এর নির্ভরযোগ্যতা, সহজে ব্যবহার আর কারিগরি দক্ষতার কারণেই আমরা পুরো মহাদেশের অংশগ্রহণকারীদের নির্বিঘেœ যুক্ত করতে পেরেছি।
আইএসএর চিফ ডিরেক্টর (এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস) নমবুলেলো নিয়াথেলা জানান, সম্মেলনে ২৯টি দেশ থেকে এক হাজার ১০০-এর বেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন।
সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার এস এ এম নুরুন্নবী বলেন, ‘একবার নির্বাচিত হওয়া ভাগ্যের ব্যাপার হতে পারে। কিন্তু দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার মানে হলো, চাপের মুখেও প্ল্যাটফর্মটি ঠিকঠাক কাজ করেছে। এখানেই আমাদের গর্ব।’ বিজ্ঞপ্তি।

