নয়া দিগন্ত ডেস্ক

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় প্রাণ গেছে দুই পথচারীর।
পটুয়াখালী প্রতিনিধি জানান, অসুস্থ শরীর নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন শিল্পী রানী (৪০)। সাথে ছিলেন মেয়ে তিথী রানী (২৩)। পটুয়াখালী জেলা শহরে চিকিৎসক দেখিয়ে রাতে অটোরিকশায় চড়ে বাড়ি ফেরার পথ ধরেছিলেন তারা। কিন্তু বাড়ি আর ফেরা হলো না, মাঝপথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও মেয়ে দু’জনই। 
গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজারসংলগ্ন ধলুগাজীর বাড়ির মোড়ে ঢাকাগামী যাত্রীবাহী একটি পরিবহনের চাপায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা মা-মেয়েসহ চারজন মারা যান। এ ছাড়া পরিবহনে থাকা আরো ১০ থেকে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 
নিহত অন্য দু’জন হলেন- গলাচিপা উপজেলার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর হাওলাদার (৪০) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম প্যাদা (৫০)। শিল্পী রানী ও তিথী রানীর বাড়ি আমখোলা ইউনিয়নের চারআনি বাউড়িয়া গ্রামে।
দুর্ঘটনাকবলিত ইমরান ট্রাভেলসের যাত্রী মো: সানু হাওলাদার (৬৫) জানান, সামনের আসনে বসেছিলেন তিনি। দ্রুতগতিতে বাঁক নিতে গিয়ে পরিবহনটি অটোরিকশার ওপর উঠে যায়, এরপর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। পরে জানালা দিয়ে বের হয়ে তিনি ও অন্য যাত্রীরা হতাহতদের দেখতে পান।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সাথে উদ্ধার করা হয় গুরুতর আহত অটোরিকশাচালককেও।
রাত ২টার দিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে অটোরিকশাচালক আব্দুল কাইয়ুম প্যাদা রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, মাদারীপুরের শিবচরের নিকটবর্তী শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ওপর ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ৯ জন আহত হয়েছেন।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে কুয়াকাঁটার উদ্দেশে যাচ্ছিল ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি দ্রুতগতিতে পদ্মা সেতু পার হওয়ার সময় সামনে থাকা পিকআপ জাতীয় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।