নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে মারা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২৩৬ জন। এর মধ্যে এক হাজার ১৪৮ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩৩ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩০ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫৬ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৭৯ হাজার ৮১৪ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ৫৬২ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৩৭৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫৮ হাজার ৫৮৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ৫২ হাজার ২২৫ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৪৯৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৫, বরিশালে ৭৮, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
মমেকে শিশুর মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। গতকাল দুপুরে মমেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিলেটে মৃত্যুহীন ১ দিন
সিলেট ব্যুরো জানায়, সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর একদিন পর একটি মৃতু০্যহীন দিন কেটেছে। তবে এ সময় কারো মৃত্যু না হলেও হাসপাতালে রোগী ভর্তির চাপ কমেনি। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪১ জনে। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।





