চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার ওসমানের ছেলে। সে ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ:) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, চরণদ্বীপ ইউনিয়নে সাইহানের নানার বাড়ি। সেখানে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে দেখা যায় সে আর বেঁচে নেই।





