নয়া দিগন্ত ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে গত আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া, সেপ্টেম্বরে গত ২০ দিনে ৮৭ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন এক হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৬১০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬৮৭ জন, খুলনা বিভাগে ১৯২ জন, বরিশালে ১৫৪, চট্টগ্রামে ১৬৭ জন, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ জন এবং রাজশাহী ১৩৭ জন।
মমেকে যুবকের মৃত্যু
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় এক ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (২৮)। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার ভোররাত সোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটে আরো ১৪ রোগী শনাক্ত
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ জনে। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের এক দিনের সর্বোচ্চ ডেঙ্গুরোগী ১৪ জন শনাক্ত হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় ছয়জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১১ জন। এক দিনের ব্যবধানে আরো ১৪ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত এখন ৩২৫ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

