বগুড়া অফিস 
বগুড়া জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ  মো: মনিরুজ্জামানের পদায়ন আদেশ বাতিল দাবিতে  বগুড়া  জেলা অ্যাডভোকেটস বার সমিতি ঘোষিত জেলা জজ আদালত বর্জন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে। এ সময়  জেলা জজ  মো: মনিরুজ্জামান এজলাস কক্ষে উপস্থিত থাকলেও কোনো আইনজীবী  এজলাস কক্ষে যাননি। তাই জেলা জজ এজলাসে কিছুক্ষণ অপেক্ষা করে নিজ কামরায় ফিরে যান। এ সময় এজলাসের বাইরে আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। ফলে ভুক্তভোগী বিচারপ্রার্থীরা আদালত থেকে ফিরে যান। 
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (১) জানান, জেলা ও দায়রা জজ মনিরুজ্জামানের পদায়ন আদেশ বাতিল না হওয়া পর্যন্ত  তার আদালত বর্জন অব্যাহত রাখবে বার সমিতি। এ ব্যাপারে দলমত নির্বিশেষে সবাই একমত। তাই তার এজলাসে শুনানির জন্য কোনো আইনজীবী যাচ্ছেন না। তিনি আরো জানান, এজলাসের বাইরে  আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখে ও কেউ শুনানির জন্য এজলাসে প্রবেশ না করায়  বিচারক নিজেই এজলাসে কিছু সময় বসে থাকার পর নিজ কামরায় ফিরে গেছেন। 
উল্লেখ্য, পতিত আওয়ামী সরকার আমলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিচারক মো: মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার বিচার বাধাগ্রস্ত করাসহ নানা  অভিযোগ ওঠে। গণ-অভ্যুত্থানের পর তাকে বগুড়া থেকে বদলি করা হলেও সম্প্রতি আবার জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়। এর প্রতিবাদেই বার সমিতি আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।