নিজস্ব প্রতিবেদক 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওর সূত্র ধরে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 
তিনি নয়া দিগন্তকে বলেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাকিবুলকে গ্রেফতার দেখিয়েছে তদন্ত টিমের সদস্যরা। এরপর রাতেই তাকে আদালতে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। তদন্ত টিমের সদস্যরা আদালতে বিস্তারিত উপস্থাপন করবেন। 
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা নিয়ে অডিও কথোপকথনসহ রাকিবুলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। রাকিবুলের সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোনসহ কথোপকথনের সাথে জড়িতদের মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়। ওই ফোনে কার কার সাথে কী ধরনের কথা বলেছেন, মেসেজ আদান প্রধান করেছেন তা খতিয়ে দেখা হয়। এ ছাড়াও রাকিবুলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল ওই অডিও বার্তাটি তার নয়, এআই দিয়ে তৈরি করে তাকে ফাঁসানো হয়েছে- সেসব বিষয়ে তদন্ত করা হয়েছে। 
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তদন্তে বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা জানান, ইন্সপেক্টর রাকিবের বক্তব্য শুধু কথার কথা নয়, এর পেছনে বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এর আগে ফেসবুকে ওসি রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না। অডিওতে আরো দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়। এ ঘটনার পর ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথমে প্রত্যাহার করা হয় ওসি রাকিবুলকে। পরে রাতেই তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাতে গ্রেফতারের সুপারিশ করেন।