নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো: হোসেনকে গুলি করে হত্যার মামলায় মতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আগামী ৮  অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এর মাধ্যমে মামলাটিতে সপ্তমবারের মতো অভিযোগ গঠনের শুনানি পেছাল। 
গতকাল বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অন্য মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাকে বিশেষ জজ আদালতে আনা সম্ভব হয়নি। এ কারণে রাষ্ট্রপ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই গাবতলী থেকে ট্রাক রেখে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো: হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেনÑ সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অনেকে। আদালত-সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী এ মামলায় বর্তমানে ২০ জন পলাতক, চারজন কারাগারে এবং ১০ জন জামিনে রয়েছেন।