নিজস্ব প্রতিবেদক
নারীর মর্যাদা প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সা: সর্বশ্রেষ্ঠ মহামানব ও রহমাতুল্লিল আলামিন ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের সেক্রেটারি রোজিনা আখতার। তিনি বলেন, রাসূলুল্লাহ সা: ছিলেন উসওয়াতুন হাসানাহ তথা উত্তম আদর্শের অধিকারী এবং গোটা বিশ্ববাসীর জন্য সর্বোত্তম চরিত্রের আধার। তাঁর অনুসরণের মধ্যেই মানুষের সার্বিক জীবনে শান্তি, স্বস্তি, স্থিতি ও নিশ্চয়তা নিহিত রয়েছে।
গত বুধবার বিকেলে রাজধানীর বারিধারায় মাওলানা নিজামী (রহ:) মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে দর্জি পেশায় নিয়োজিত নারীদের নিয়ে আয়োজিত সিরাতুন্নবী সা: আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহানগরী সেক্রেটারি আমেনা বেগমের উদ্বোধনী বক্তব্যে শুরু হওয়া এ সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের মহিলা বিভাগের শূরা ও কর্মপরিষদ সদস্যা ফেরদৌসী বেগম, নাসরিন আক্তার ও শ্রমিক নেত্রী কামরুন্নাহার।
অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন নাহার জেবু। সহকারী সেক্রেটারি মর্জিনা খাতুনের সমাপনী বক্তব্য ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় সংগঠনটির ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।











